সুইডেনের নির্বাচনে জয়ী বামপন্থি জোট

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ২১:১৬
 
সুইডেনের সাধারণ নির্বাচনে বিরোধী দল সোশ্যাল ডেমোক্রেট জয় লাভ করেছে। সর্বশেষ ফলাফলে দেখা গেছে, স্টেফান লোফভেনের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেট পার্লামেন্টে বেশি আসন পেয়েছে। তবে দলটি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে কি না তা এখনও স্পষ্ট নয়।
বিজয়ী নেতা স্টেফান লোফভেন জানিয়েছেন, নির্বাচনের পুরো ফল প্রকাশের পর তিনি সরকার গঠনের চেষ্টা করবেন। তবে সরকার গঠন করতে গিয়ে তিনি ডানপন্থিদের সঙ্গে হাত মেলাবেন না বলেও জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্য-বামপন্থি সোশ্যাল ডেমোক্রেট দল নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পেয়েছে। আর প্রধানমন্ত্রী ফ্রেডেরিক রেইনফেল্ডের কনজারভেটিভ মডারেট পার্টি পেয়েছে ৩৯ দশমিক শতাংশ ভোট। অপরদিকে, অভিবাসনবিরোধী ডানপন্থি দল সুইডেন ডেমোক্রেট পেয়েছে ১৩ শতাংশ ভোট।
প্রধানমন্ত্রী রেইনফেল্ড ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন। সোমবারই তার ইস্তফা দেয়ার কথা রয়েছে।
রবিবার তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘পার্লামেন্টে যেহেতু মধ্য-বামপন্থিদের আসন বেশি রয়েছে, তাই আগামীকাল (সোমবার) আমি পদত্যাগ করতে যাচ্ছি।’ কেবল প্রধানমন্ত্রী নয়, কনজারভেটিভ পার্টি থেকেও তিনি পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন।
অপরদিকে, সম্ভাব্য প্রধানমন্ত্রী লোফভেন বলেন, ‘দেশের একটি নতুন দিক নির্দেশনা দরকার। মডারেটদের আট বছরের শাসনপরবর্তী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আমরা এখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে। হাজার লোক বেকার। স্কুলের ফলাফল দিনদিন খারাপ হচ্ছে।’ আল জাজিরা