বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) বছরে ২৫ হাজার টন পেট্রোল ও ডিজেল সরবরাহের চুক্তি করেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। সিলেট গ্যাসফিল্ড থেকে গ্যাস কনডেনসেট সংগ্রহ করে এ জ্বালানি সরবরাহ করবে সিভিও।
সোমবার বিকালে রাজধানীর যমুনা ভবনে এক অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিপিসির পক্ষে সংস্থার সচিব দীপক চক্রবর্তী এবং সিভিওর পক্ষে কোম্পানিটির চেয়ারম্যান শামসুল আলম শামীম চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সিভিওর প্রধান উপদেষ্টা মাঈনউদ্দিন খান বাদল বলেন, এ যুগে জ্বালানিই সভ্যতা। এটি সংগ্রহ ও উত্পাদন বন্ধ হয়ে গেলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি কাটিয়ে উঠে জাতীয় চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করার জন্য গবেষণার ওপর জোর দিতে হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, দেশের উন্নয়নের জন্য বেসরকারি খাতের উন্নয়ন দরকার। সরকারের কাজ ব্যবসা করা নয়। হয়ত দেশের প্রয়োজনেই পেট্রোলিয়াম খাত সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ খাতে বেসরকারি আরো উদ্যোগও প্রয়োজন। দেশের বিদ্যমান পেট্রোকেমিক্যাল রিফাইনারি কোম্পানিগুলোকে ছোট আকারে কাজ না করে বড় আকারে কাজ করার আহবান জানান তিনি।
উপস্থিত ছিলেন সিভিও’র ডিএমডি নাজিমউদ্দিন মাহমুদ হোসেন, প্রধান বিশেষজ্ঞ প্রকৌশলী এএফএম ইসহাক, উপেদষ্টা আহমেদুল হক হাসানসহ বিপিসি ও সিভিওর উর্ধ্বতন কর্মকর্তারা।
