সেরা করদাতাদের বিশেষভাবে সম্মানিত করতে বাণিজ্যিক গুরুত্বপূর্র্ণ ব্যক্তি (সিআইপি) মর্যাদা দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আয়করদাতা বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। করদাতার সংখ্যা বাড়লে রাজস্ব আয় বাড়বে। কর প্রদানের ক্ষেত্রে করদাতাদের উদ্বুদ্ধ করতে হবে। যারা বেশি আয়কর প্রদান করেন তাদের সিআইপি হিসেবে ঘোষণা করা হবে।’
মঙ্গলবার সকালে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর মেলার আয়োজন করেছে। এনবিআর সদস্য ( কর প্রশাসন) মো. বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
কর আদায়ের ক্ষেত্রে কর কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে মন্ত্রী বলেন, কর আদায় করতে গিয়ে করদাতাকে কষ্ট দেওয়া যাবে না, মানুষ যাতে ভয় না পায় এবং অযথা হয়রানীর শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। মন্ত্রী বলেন, দেশে ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ১৮ লাখের টিআইএন আছে। এর মধ্যে নিয়মিত কর পরিশোধ করেন ১২ লাখ মানুষ। এ সংখ্যা নিতান্তই কম। এর পরিমাণ বাড়াতে হবে।যারা কর পরিশোধ করেন তাদের টাকায় দেশের উন্নয়ন হয় বিধায় তারা দেশের সম্মানিত ব্যক্তি বলে তিনি উল্লেখ করেন।
