সাশ্রয়ী রেটে ফায়ারফক্স ও সিম্ফোনির স্মার্ট ফোন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ০০:৫৭

মঙ্গলবার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ জানান, মাত্র ৪ হাজার ৬৫০ টাকায় ‘গো ফক্স এফ১৫’ মডেলের স্মার্টফোন ২৮ সেপ্টেম্বরের মধ্যে বাজারে আসছে। তবে এই ফোনটি শুধু গ্রামীণফোনের ‘বন্ধু’ প্যাকেজ ব্যবহারকারীদের জন্য।

তিনি জানান, ১ গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসরের এই সেটে রয়েছে ৩.৫ ইঞ্চি টিএফটি এইচভিজিএ ডিসপ্লে, ৩ দশমিক ২ মেগাপিক্সেল ক্যামেরা। ফায়ারফক্স ওএস এর মাধ্যমে প্রতিদিন ২০ মেগাবাইট ফ্রি ইন্টারনেটসহ বিভিন্ন সুবিধা পাবেন ব্যবহারকারীরা। হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে। তবে ১৭ সেপ্টেম্বর থেকে www.grameenphone.com  এ অগ্রিম বুকিং দেয়া যাবে।
বিবেক সুদ বলেন, “বাংলাদেশে এ ধরনের অফার এটাই প্রথম। দেশজুড়ে ইন্টারনেটের ব্যবহার বাড়াতে এটি দারুণ উৎসাহ জোগাবে বলে আশা করি।” টেলিনর ডিজিটালের প্রধান এবং টেলিনর গ্রুপের ইভিপি রলভ-এরিক স্পিলিং বলেন, “বাংলাদেশের বাজারে কেবল কম খরচের স্মার্টফোন প্রচলনই নয়, পাশাপাশি সহজ এবং সুলভে ইন্টারনেট সুবিধা উপভোগের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন।”
মোজিলার সিটিও ড. আন্দ্রেয়াস গাল বলেন, “ফায়ারফক্স ওএস এর ক্ষেত্রে মোজিলার মিশন হচ্ছে ‘অনলাইনে উন্মুক্ত, উদ্ভাবন এবং সুযোগের প্রসার। টেলিনরের ‘সবার জন্য ইন্টারনেট’ ধারণাও আমাদের বেশ কাছাকাছি।” সিম্ফোনির সিইও আমিনুর রশিদ জানান, তারা ভবিষ্যতে আরও সাশ্রয়ী দামের হ্যান্ডসেট বাজারে আনতে চান।