অ্যাপলের আইফোন এবং আইপ্যাডের জন্য আইওএস অপারেটিং সিস্টেমের নতুন আপডেটে ক্ষোভ প্রকাশ করেছেন এদের ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইট এবং ব্লগে এই বিষয়ে তাদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে। খবর বিবিসির।
আইওএস-এর নতুন আপডেট কোনো ডিভাইসে কাজ করার জন্য মোট ৫.৮ গিগাবাইট স্টোরেজ দখল করে। ফলে তুলনামূলকভাবে কম স্টোরেজ রয়েছে যাদের আইফোন এবং আইপ্যাডে, তারা এই আপডেটে নিজেদের স্টোরেজ নিয়ে মুশকিলে পড়েছে। নতুন আপডেটকে জায়গা করে দিতে অনেককেই নিজেদের ডিভাইস থেকে মাল্টিমিডিয়া ফাইলগুলো সরিয়ে দিতে হয়েছে। ফলে স্টোরেজের এই সংকটকে ব্যবহারকারীরা অন্যতম একটি সমস্যা মনে করছেন।
এ ছাড়া নতুন সেবা হেলথকিটও চালু করতে পারেনি অ্যাপল। কোনো একটি বাগের কারণেই এটি চালু করা যায়নি বলে জানিয়েছে অ্যাপল। ফলে যারা হেলথকিট নিয়ে আগ্রহী ছিলেন, তারাও হতাশ হয়েছেন এটি ইন্সটল করতে না পেরে।
ফেসবুক, টুইটারসহ অন্যান্য ওয়েবসাইটগুলোতে এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ক্ষোভ নিয়েও মজা করে একজন ব্যবহারকারী তার টুইটার অ্যাকাউন্টে টুইট করেছেন—‘তাহলে অ্যাপল সবার ফোনেই ইউ২’র নতুন অ্যালবাম দিয়ে দিয়েছে। কিন্তু তারা সাথে সাথে এও জানিয়ে দিয়েছে যে আইওএস৮ আপগ্রেডের কারণে এই অ্যালবামটি রাখার জন্য পর্যাপ্ত জায়গা নেই!’
ব্যবহারকারীদের এমন হতাশা নিয়ে অবশ্য অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
