মেসি-নেইমার দ্বৈরতে বড় জয় বার্সেলোনার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪৩



শুরুতে পাওয়া পেনাল্টির সদ্ব্যাবহার করতে পারেননি বার্সেলোনার আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। তারপরও ১০ সদস্যের লেভান্তের বিপক্ষে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে বার্সেলোনা। রবিবার ওই জয়ের ফলে শতভাগ সফলতা নিয়েই পয়েন্ট তালিকার শীর্ষ স্থানও অক্ষুন্ন রেখেছে কাতালান দলটি।
পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও দলীয় সংগ্রহশালায় ঠিকই নিজের নাম লিখিয়েছে মেসি। একই সঙ্গে গোল করার ধারা অব্যাহত রেখেছেন ব্রাজিলিয় আইকন নেইমারও। এদিন নেইমার ও মেসির সঙ্গে গোল করেছেন রাকটিক, সান্দ্রো রামিরেজ ও পেড্রো।
১২তম মিনিটে পেনাল্টি থেকে মেসি গোল করতে ব্যর্থ হওয়ার পর ম্যাচের ৩৪তম মিনিটেই বার্সার হয়ে গোলের খাতা খোলেন নেইমার। যদিও বলটির যোগানদাতা ছিলেন মেসিই। তার বাড়িয়ে দেয়া বলটি নিয়ে সাদামাটাভাবেই গোল করেন নেইমার। এরপর নিজেদের গোলপোস্টের মধ্যেই আর্জেন্টাইন তারকাকে বিধিবহির্ভূতভাবে বাঁধা দেয়ার দায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন লেভান্তের ডিফেন্ডার লুকাস ভিনত্রা। ৪১তম মিনিটের ওই ঘটনায় ১০ জনের দলে পরিণত হওয়া ক্লাবের বিপক্ষে ওই সুবিধাটি কাজে লাগাতে সময় নেননি বার্সা তারকা ইভান রাকটিক। প্রথমার্ধের বিরতীতে যাবার আগেই তিনি গোল করে বার্সাকে পৌঁছে দেন ২-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে এসে যথাক্রমে সান্দ্রো রামিরেজ, পেড্রো রড্রিগুয়েজ ও লিওনেল মেসির গোলে লিগের চতুর্থ জয় তুলে নেয় বার্সেলোনা। লিগে এখনো পর্যন্ত গোল হজম না করা এই দলটি পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ ও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে রয়েছে যথাক্রমে ৪ ও ৬ পয়েন্টের ব্যবধানে।
বার্সা কোচ লুইস এনরিক বলেন, ‘পয়েন্ট তালিকার অবস্থান ধরে রাখতে হলে এমন ধাচের আরো অনেকগুলো ভাল ম্যাচ খেলে যেতে হবে। একই সঙ্গে দলের অবস্থাও নিয়মিতভাবে পর্যালোচনা করতে হবে।’
তিনি বলেন, ‘এখনো লিগের সূচনা লগ্ন। আসছে দিনগুলোতে পয়েন্ট টেবিলে আরো অনেক পরিবর্তন দেখা যাবে।’