পদক রক্ষার মিশনে সালমাদের দারুণ শুরু

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৫০



গুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবারের মতো অংশ নিয়েই বাংলাদেশের জন্য রৌপ্য পদক জয় করেছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। চার বছর পরে আবারও নিজেদের মেলে ধরার প্রত্যয়ে কিছুটা আগেভাগেই দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে উপস্থিত হন সালমা বাহিনী। গতবারের রৌপ্য পদকের কারণে এবার বাছাইপর্ব নয় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সেই সুবাদে আজ প্রথম ম্যাচে ইনচনের ইউনহুই ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট বলের লড়াইয়ে মাঠে নেমেছিল সালমা, শুকতারা, জাহানারা ও লতারা। কোয়ার্টার ফাইনালে নেপালকে ৮১ রানে পরাজিত করে দারুণভাবে এশিয়ান গেমস শুরু করেছে বাংলাদেশ।
প্রথম ব্যাটিং থেকে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ১০৭ সংগ্রহ করে। জবাবে নেপালের ইনিংস ১৫.২ ওভারে মাত্র ২৬ রানেই গুটিয়ে যায়।

 

IMG0


টস জিতে নেপালের অধিনায়ক রুবিনা ছেত্রি বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ২০ ওভারের এই ম্যাচে উদ্বোধনী ব্যাটার শুকতারার অর্ধ শতকের সুবাদে বাংলাদেশ ৪ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে। শুকতারা ৬০ বলে ২টি বাউন্ডারিসহ অপরাজিত ৫১ রান সংগ্রহ করে। নবম ওভারে ডানহাতি মিডিয়াম পেসার সারিতা মাগারের ক এন্ড বোল্ডে শিকার হয়ে সাজ ঘরে ফেরত যান অপর উদ্বোধনী ব্যাটার শাহনাজ পারভীন। ২৫ বলে তার সংগ্রহ ছিল ১২। ৩৬ রানে প্রথম উইকেটের পতনের পরে অবশ্য নিয়মিত বিরতিতে আরো তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ খুব বেফশ দূর যেতে পারেনি। যদিও একপ্রান্ত আকড়ে ধরে শুকতারা দলের ইনিংস সামনে নিয়ে গেছেন। সারিতা মাগার ও রানা মাগার দুটি করে উইকেট দখল করেছেন।
জবাবে বাংলাদেশের বোলিং তোপের মুখে নেপাল দাঁড়াতেই পারেনি। নেপালের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। ১০টি ওয়াইড বলে ১০ রান না হলে নেপালের ইনিংস আরো খাটো হতে পারতো। কোন ব্যাটারই দুই অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি। বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন ৩ ওভারে ২টি মেডেনসহ ১ রানে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া রুমানা ২.২ ওভারে ৪ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২টি করে উইকেট দখল করেছেন জাহানারা আলম ও ফাহিমা খাতুন।
আজকের ম্যাচের সর্বোচ্চ স্কোরার আয়েশা রহমান শুকতারা ম্যাচ শেষে স্বীকার করেছেন এই ধরনের উইকেটে ১০৮ রানের টার্গেট নেপালের জন্য কঠিনই ছিল। আউটফিল্ড স্লো হবার কারণে দুই রানের জায়গায় বাংলাদেশকে সিঙ্গেলস নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। নিজের পারফরমেন্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। যেহেতু আজ প্রথম ম্যাচ ছিল তাই এই ধরনের বড় জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে।
এর আগে ২০০৭ সালে এসিসি মহিলা ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মত নেপালের মোকাবেলা করেছিল বাংলাদেশ। ঐ সময়ের তুলনায় নেপাল দল যথেষ্ট উন্নতি করেছে বলেই তিনি মন্তব্য করেছেন।
কাল স্থানীয় সময় দুপুর ২.০০টায় একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে এর আগে অনুষ্ঠিত দুটি টোয়েন্টি২০ ম্যাচেই বাংলাদেশ জয়ী হয়েছে। এর মধ্যে চলতি বছর বাংলাদেশে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ৩ রানের জয় বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। লংকানদের বিপক্ষে এই উইকেটে ১১০ থেকে ১২০ রান করতে পারলেই সেটা চ্যালেঞ্জিং টার্গেট হবে বলে মন্তব্য করেছেন শুকতারা।
অপর সেমিফাইনালে সকাল ৯.৩০টায় চায়নার মুখোমুখি হবে গত আসরের স্বর্ণজয়ী পাকিস্তান মহিলা ক্রিকেট দল। ২৬ সেপ্টেম্বর হবে এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টের ফাইনাল।
সংক্ষিপ্ত স্কোর :
টস জয়ী : নেপাল
বাংলাদেশ : ১০৭/৪ (২০ ওভার, শুকতারা ৫১*, শাহনাজ ১২, লতা ১১, অতিরিক্ত ১৬; সানা মাগার ২/১৯, রানা মাগার ২/২৪)
নেপাল : ২৬/১০ (১৫.২ ওভার, নারে থাপা ৮, সালমা ১/৩, রুমানা ৪/৩, জাহানারা ১৩/২, ফাহিমা ২/২)
ফল : বাংলাদেশ ৮১ রানে জয়ী
খবর বাসসের।