পাকিস্তানে ড্রোন হামলায় ১০ জঙ্গি নিহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৪, ১৭:২৪
 
 
 
আফগান সীমান্তের নিকটে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত এলাকায় একটি গাড়ির ওপর মার্কিন  ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জঙ্গি নিহত হয়েছে। মার্কিন ড্রোন থেকে এ হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরার।
পাক গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন— আফগান সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার দূরে উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল শহরে চলন্ত গাড়ির ওপর চারটি মিসাইল হামলা চালানো হয়। এ ঘটনায় ১০ জন নিহত হয়। গাড়িটি স্থানীয় ও উজবেক জঙ্গিদের নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনার আরো বিস্তারিত পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে বার্তা সংস্থা এপিকে নাম প্রকাশ না করার শর্তে জানান কর্মকর্তারা। উত্তর ওয়াজিরিস্তানের সশস্ত্র গ্রুপগুলোকে লক্ষ্য করে প্রায়ই ড্রোন হামলা চালিয়ে থাকে যুক্তরাষ্ট্র।