শেয়ারবাজারে দর সংশোধন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৩৫
 
শেয়ারবাজারে টানা নয় কার্যদিবস সূচক বাড়ার পর গতকাল সোমবার কিছুটা দর সংশোধন হয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার সোমবার দর কমার পাশাপাশি কমেছে মোট লেনদেনও। মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণেই বাজারে দর পতন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ক্ষুদ্র মূলধনী কোম্পানিগুলোর দর কমেছে গড়ে ১ দশমিক ৪ শতাংশ। ঈদ উল আযহাকে কেন্দ্র করে বাজার থেকে মুনাফা তুলে নেয়ার প্রবণতাও বাজারে দর পতনের একটি কারণ বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২১ পয়েন্ট কমে ৫ হাজার ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৯৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯০২ কোটি ৬২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৯৮ কোটি ৬৭ লাখ টাকা বা প্রায় ১৮ শতাংশ কম। লেনদেনকৃত ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬৪ কোটি ৯৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬২টির কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টি কোম্পানির শেয়ারের।
এদিকে লেনদেনের প্রথম দিনে ১৩৯ শতাংশ বা ৪১ দশমিক ৮ টাকা দর বেড়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের। কোম্পানিটির ৪৫ লাখ ৬০ হাজার ৮০০টি শেয়ার ৩৩ কোটি ৫৯ লাখ ৩৩ হাজার ২০০ টাকায় লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটি শেয়ারবাজার থেকে মোট ৩৬ কোটি টাকা সংগ্রহ করেছে। অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ কোম্পানিটির প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য ৩০ টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় সিলেটের দোপাদিঘিরপাড়ে অবস্থিত হাজী কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির এজিএমে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে। এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ  ঘোষণা করে।