করদাতাদের আয়কর রিটার্ন (বিবরণী) দাখিলে কাঙ্খিত সাড়া মেলেনি। ফলে বাধ্য হয়ে রিটার্ন দাখিলের সময়সীমা এক মাস বাড়িয়ে আগামী ২ নভেম্বর পর্যন্ত করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। ওই সময়ের মধ্যে কোন ধরনের জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। সোমবার এনবিআরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সামপ্রতিক বছরগুলোতে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো এনবিআর নিয়মে পরিণত করেছে। এনবিআরের পক্ষ থেকে বলা হয়, আসছে ঈদ ও পূজার ছুটির কারণে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় কাগজপত্র নেয়া সম্ভব হবে না।
অন্যদিকে এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের সংগঠগুলোরও সময়সীমা বাড়ানোর সুপরিশ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে সময়সীমা ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিগত অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেয়ার নিয়ম।
এনবিআরের সংশ্লিষ্ট সত্রে জানা গেছে, পর্যন্ত রিটার্ন জমা পড়েছে ৪ লাখের কিছু কম। এর মধ্যে দেড় লাখ রিটার্ন জমা পড়েছে গত ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী আয়কর মেলায়। অথচ তথ্য অনুযায়ী, গত কর বর্ষে সাড়ে ১১ লাখ রিটার্ন জমা পড়েছে।
সময়মত রিটার্ন জমা না দেয়ার জন্য করদাতাদের জরিমানার বিধান রয়েছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দেয়ার জন্য করদাতার পূর্ববর্তী বছরের প্রদেয় করের ১০ শতাংশ বা ১ হাজার টাকা মধ্যে যেটি বেশি ওই টাকা এবং প্রতি দিনের জন্য ৫০ টাকা হারে জরিমানার বিধান রয়েছে। তবে এই জরিমান সংশ্লিষ্ট উপ-কর কমিশনার চাইলে কমাতে পারেন। অন্যদিকে করদাদার আবেদনের প্রেক্ষিতে উপ-কর কমিশনার রিটার্ন জমার সময়ও তিন মাস বাড়িয়ে দিতে পারেন।
