নকিয়া মেক্সিকো এস.এ. দে সি.ভিকে ক্ষতিপূরণ দেয়ার জন্য রুল জারি করেছে ম্যাক্সিকোর একটি আদালত। ত্রুটিপূর্ণ মোবাইল ফোন বিক্রি করার ফলে যেসব ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে এই ক্ষতিপূরণ দিতে হবে। রবিবার একটি সরকারি সংস্থা এই তথ্য জানিয়েছে। সূত্র: রয়টার্স।
ফেডারেল কনজিউমার প্রোটেকশন এজেন্সি ‘প্রোফেকো’ এর অভিযোগের ভিত্তিতে আদালত এই আদেশ দেয়। নকিয়াকে মাইক্রোসফট কিনে নেয়ার আগে যেসব ত্রুটিপূর্ণ মোবাইল সেট বিক্রি করেছে তার বিরুদ্ধে ২০১০ সালে মামলা করেছিল সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, নকিয়া মেক্সিকোর ত্রুটিপূর্ণ যন্ত্র কিনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ক্ষতিপূরণ চাইতে পারবেন। এছাড়া যারা অভিযোগ করেননি তারাও এই ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।
প্রোফেকোর ভাষ্যে, নকিয়া ম্যাক্সিকোকে ত্রুটিপূর্ণ যন্ত্র পরিবর্তন করে দিতে হবে অথবা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া অতিরিক্ত পরিশোধের ক্ষেত্রে ২০ শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে।
এই ক্ষতিপূরণ কিভাবে পরিশোধ করা হবে সে সম্পর্কে মন্তব্য করেনি প্রোফেকো। এসম্পর্কে মাইক্রোসফট ও নকিয়া কেউই মন্তব্য করেনি।
