এসএমই ঋণের সুদহার কমানোর নির্দেশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৪৪
 
ক্ষুদ্র ঋণের মাধ্যমে দেশে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ঋণের সুদহার কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ব্যাংকগুলোর এসএমই খাতের খেলাপি ঋণ কমাতেও নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা করে এ নির্দেশনা দেয়া হয়।
সভায় ব্যাংকগুলোর চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কার্যক্রমের ওপর পর্যালোচনা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল শতভাগ নিশ্চিত করা, গ্রামাঞ্চলে এসএমই ঋণ বিতরণ বাড়ানো, এসএমই উদ্যোক্তাদের সাহায্যে প্রতিটি ব্যাংকে এসএমই হেল্পডেস্ক স্থাপন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থায় এসএমই খাতে ঋণের সম্ভাব্য ঝুঁকি হ্রাসে নিবিড় তদারকি বাড়ানোর কথাও বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারীসহ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উপ-ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।