পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ১৩৭ শতাংশ বৃদ্ধি

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৯:৪০
পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। সেপ্টেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীরা ৭৫২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছেন। আগস্ট মাসে লেনদেন করেছেন ৩১৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। অর্থাত্ বৈদেশিক লেনদেন বেড়েছে ৪৩৫  কোটি ৫৫ লাখ টাকা বা ১৩৭ দশমিক ২২ শতাংশ।
ডিএসই’র তথ্যে দেখা গেছে, সেপ্টেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন ৫৮৯ কোটি ৬০ লাখ টাকার এবং বিক্রি করেছেন ১৬৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। অর্থাত্ সেপ্টেম্বর শেষে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ হয়েছে ৪২৬ কোটি ২৫ লাখ টাকা। আর এর আগের মাসে বিদেশি বিনিয়োগকারীরা কিনেছেন ১৬৪ কোটি ৯৩ লাখ টাকার এবং বিক্রি করেছেন ১৫২ কোটি ৪৭ লাখ টাকার। অর্থাত্ সে মাসে নিট বিনিয়োগ ছিল ১২ কোটি ৪৫ লাখ টাকা। এর আগে জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ ছিল ৭৯ কোটি ৬৪ লাখ টাকা। জুনা মাসে ছিল ৩৬২  কোটি ৬৩ লাখ টাকা।
এদিকে বুধবার পুঁজিবাজারে সূচক ও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। তথ্যে দেখা গেছে,  ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৭৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৭৭ কোটি ১১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ৩৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২২৯টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২৭৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯০২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭৪টির কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, সামপ্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য  নেই বলে জানিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই’র পাঠানো নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত সাত কার্যদিবস ধরে বাড়ছে সন্ধানী লাইফের শেয়ার দর। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ২১.৮৩ শতাংশ।