আগস্টে আমদানিতে এলসি খোলা ও নিষ্পত্তির হার বেড়েছে

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৮:৩৭
চলতি অর্থবছরের (২০১৪-১৫) দ্বিতীয় মাস আগস্টে পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলা ও নিষ্পত্তির হার আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। তবে এ মাসে এলসি খোলার পরিমাণ আগের মাস জুলাইয়ের তুলনায় ১০ দশমিক ২১ শতাংশ কমেছে।
অন্যদিকে গত বছরের একই সময়ের তুলনায় নিষ্পত্তি বেড়েছে ৪৩ দশমিক ৭০ শতাংশ। আর জুলাই মাসের তুলনায় আগস্টে নিষ্পত্তি বেড়েছে ১৩ দশমিক সাত শতাংশ। যদিও অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এলসি খোলা ও নিষ্পত্তির হার দুটোই কমেছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগস্ট মাসে মোট ৩২৮ কোটি ২৫ লাখ ডলার সমপরিমাণ পণ্যের ঋণপত্র খোলা হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে  খোলা হয়েছিল ২৬৯ কোটি ৯৪ লাখ ডলার। এ হিসেবে ২১ দশমিক ৬০ শতাংশ বেশি আমদানি ঋণপত্র খোলা হয়েছে। যদিও জুলাই মাসের তুলনায় তা ১০ দশমিক ২১ শতাংশ কম। জুলাই মাসে মোট ঋণপত্র খোলার পরিমাণ ছিল  ৩৪৮ কোটি ৭৭ লাখ ডলার।
একই  সময়ে, ঋণপত্র নিষ্পত্তি হয়েছে ৩৩৫ কোটি ২২ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৩৩ কোটি ২৭ লাখ ডলার। এতে করে ঋণপত্র নিষ্পত্তি বেড়েছে ৪৩ দশমিক ৭০ শতাংশ। আর জুলাই মাসের তুলনায় নিষ্পত্তি বেড়েছে ১৩ দশমিক সাত শতাংশ। এসময় মোট ২৮৩ কোটি ৭৬  লাখ ডলারের আমদানি ঋণপত্র নিষ্পত্তি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, বিনিয়োগকারীদের মধ্যে ধীরে ধীরে আস্থা ফিরে আসায় মূলধনী যন্ত্রপাতি, পোশাক শিল্প, গার্মেন্ট শিল্প খাত ও বিদ্যুত্ খাতের যন্ত্রপাতি আমদানিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসময় খাদ্যপণ্য আমদানিও তুলনামূলক কিছুটা বেড়েছে।