তৈরি পোশাক শিল্প এলাকায় আগামী শুক্রবার ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুূর্গাপূজা ও ঈদুল আযহার ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন, ভাতা ও বোনাস সঠিকভাবে প্রদানের জন্য কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশ দিয়েছে। বুধবার সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনপত্রে বলা হয়েছে, তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধ করার সুবিধার্থে সনাতন ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত না করে অভ্যান্তরীণ সমন্বয়ের মাধ্যমে বিশেষ ব্যবস্থাধীনে পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ আগামী শনিবার খোলার রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই দিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা বলা হয়েছে। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার ব্যাংকগুলো খোলা রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া, গত সপ্তাহের অন্য এক প্রজ্ঞাপনপত্রে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে এ ক্ষেত্রে খোলা রাখা শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ দিয়েছে।
