ঝিনাইদহে অপহরণের ৫ দিন পর আশরাফুজ্জামান সিজান নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে র্যাব-৬। শনিবার রাতে খুলনার দৌলতপুরের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ অপহরণকারীকে আটক করেছে র্যাব।
উদ্ধার হওয়া আশরাফুজ্জামান সিজান মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
র্যাব- ৬ এর ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গত ১৯ ফেব্রুয়ারি কোচিং থেকে বাড়ি ফেরার পথে সিজানকে অপহরণ করা হয়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে জিসানের বাবা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ২২ ফেব্রুয়ারি অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে সিজানের বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতের বাবা বিকাশের মাধ্যমে তাদেরকে ৪৫ হাজার টাকা মুক্তিপণ দেন।
আরো পড়ুন: ঝিনাইদহে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ১ সদস্য আটক
বিষয়টি র্যাবকে জানালে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে শনিবার বিকালে খুলনার ফুলতলার বড়ন পাড়া থেকে অপহরণকারী তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল নাজিমকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক রাতে খুলনার দৌলতপুরের একটি বাড়ি থেকে সিজানকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের কাছ থেকে ১০ টি সিম কার্ড ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
