যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস প্রধান জুলিয়া পিয়ারসন তোপের মুখে পদত্যাগ করেছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তায় দীর্ঘদিন ধরে গাফিলতির অভিযোগে সমালোচনার মধ্যে তাকে পদ ছাড়তে হয়েছে। কংগ্রেস কমিটির কাছে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থায় ব্যর্থতার দায় স্বীকার করেন পিয়ারসন। খবর রয়টার্স, বিবিসির।
বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জেস জনসনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনসন।
চাপের মুখে সিক্রেট সার্ভিসের পরিচালকের দায়িত্ব গ্রহণের পর ১৮ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।
হোয়াউট হাউজের নিরাপত্তা লংঘনের একটি ঘটনা নিয়ে আগের দিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন পিয়ারসন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনেক সদস্যই তাকে পদত্যাগ করার আহ্বান জানান।
যে সব ঘটনার জন্য তিনি তোপের মুখে পড়েছিলেন তার মধ্যে সবচেয়ে আলোচিত গত ১৯ সেপ্টেম্বর হোয়াইট হাউজে এক ব্যক্তির অনুপ্রবেশের ঘটনা। ওই দিন ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী এক ব্যক্তি ছুরি নিয়ে হোয়াইট হাউজের বেড়া ডিঙ্গিয়ে প্রেসিডেন্ট ওবামার বাসভবনের দিকে ছুটে যান।
ওই ব্যক্তি হোয়াইট হাউজের পূর্ব দিকের একটি ঘরে প্রবেশের পর এক গোয়েন্দা কর্মী তাকে আটক করেন।
