প্রথম শ্রেণির ম্যাচগুলোর মতো ওয়ানডে সিরিজটা এতো সহজ ছিল না বাংলাদেশ ‘এ’ দলের জন্য। ১৭ রানে প্রথম ম্যাচ হেরেই শুরু হয়েছিল যাত্রা। এরপরই ফিরে আসে দলটি। ফলাফল, গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৩১ রানের বড় জয় নিয়ে সিরিজটাই নিজেদের করে নিলো মার্শাল আইয়ুবের দল।
গতকাল বুধবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ ‘এ’ দল। সিরিজে এবারই প্রথমবারের মত টসে জিতেন অধিনায়ক মার্শাল আইয়ুব। আর সেই সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করতে খুব বেশি সময় নেননি দুই উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ও লিটন কুমার। ৭.৫ ওভারের উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। সৌম্য ২৬ বলে ২২ করে আউট হন। আগের ম্যাচেও তিনি করেছিলেন ৮৬ রান। গতকাল দু’জনের মধ্যে আক্রমণাত্মক ছিলেন লিটন। তার ৪১ বলে ৪৬ রানের ইনিংসে ছিল আটটি চারের শট।
এরপরই ব্যাটিংয়ে ছোট-খাটো একটা ধস নামে বাংলাদেশের। এক সময় ১১৬ রান করতেই চারটি উইকেট হারিয়ে ফেলে ‘এ’ দল। ব্যর্থ হয়েছেন মুমিনুল হক সৌরভ ও নাঈম ইসলাম। এই দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে মাত্র ১৫ রান।
সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন মার্শাল আইয়ুব এবং মোসাদ্দেক হোসেন। মার্শাল আইয়ুব আউট হন ৭৮ বলে ৫৭ রান করে। আগের দুই ম্যাচে ব্যর্থ এই ব্যাটসম্যানের এই ইনিংসে ছিল ছয়টি চার।
এছাড়া মোসাদ্দেক করেন ৪৪ বলে ২৫ রান। লোয়ার অর্ডারে ফরহাদ রেজার ৩১ বলে ৩২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় সবগুলো উইকেট হারিয়ে ২৩৯। জিম্বাবুয়ের তাউরাই মুজারাবানি নেন ৪ উইকেট। এছাড়া তাফাজাওয়া কামুনগোজি নেন দুটি উইকেট।
জবাবে, ৩২ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার রেগিস চাকাভা ও ব্রায়ান চারি। কিন্তু এই ৩২ রানের মাথায়ই চাকাভা ও তৃতীয় নম্বরে ব্যাট করতে নামা টিনোটেন্ডা মুতোম্বজি আউট হয়ে গেলে কিছুটা ম্যাচে ফিরে আসে জিম্বাবুয়ে ‘এ’ দল। এরপর ২৫ ওভার চার বলের মধ্যে চার উইকেট হারিয়ে ১০২ রান করে ফেলায় তখন পর্যন্ত সুযোগ ছিল সফরকারীদের সামনে।
কিন্তু, এরপর থেকে ক্রমাগত উইকেট পতন আর রানরেট বেড়ে যাওয়ার পর আর পেরে উঠতে পারেনি ভুসিমুসি সিবান্দার দল। ২৪০ রান তাড়া করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২০৮ রানেই থেমে যায় দলটির ইনিংস। ব্যাস, নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ ‘এ’ ৩১ রানের দলের জয়।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ম্যালকম ওয়ালার। এছাড়া অধিনায়ক ভুসিমুসি সিবান্দা ৩৭, লুক জোঙ্গে ৩৫ ও ওপেনার ব্রায়ান চারি ২৮ রান করে। বাংলাদেশের ‘এ’ দলের হয়ে তিনটি করে উইকেট নেন মুমিনুল হক ও ইলিয়াস সানী। হাফ সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ‘এ’ দলের অধিনায়ক মার্শাল আইয়ুব।
এর আগে চারদিনের ম্যাচের দুটিতেও জিতে যায় বাংলাদেশ ‘এ’ দল। আগামী ১৭ অক্টোবর বাংলাদেশের মাটিতে তিন টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।
সংক্ষিপ্ত স্কোর:
টস: বাংলাদেশ ‘এ’
বাংলাদেশ ‘এ’: ৫০ ওভারে ২৩৯/১০ (মার্শাল ৫৭, লিটন ৪৬, ফরহাদ রেজা ৩২, মোসাদ্দেক ২৫, সৌম্য ২২; মুজারাবানি ৪/৩৩, কামুনগোজি ২/৩৫)
জিম্বাবুয়ে ‘এ’: ৫০ ওভারে ২০৮/৮ (ওয়ালার ৫২, সিবান্দা ৩৭, জঙ্গে ৩৫, চারি ২৮; সানী ৩/৫৩, মুমিনুল ৩/৩৬, মোসাদ্দেক ১/১৩)
ফলাফল: বাংলাদেশ ‘এ’ ৩১ রানে জয়ী
সিরিজ: বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা: মার্শাল আইয়ুব
