দাবায় শীর্ষস্থান জিয়ারই

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ০০:০২

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের জিয়া। একাদশ রাউন্ডের খেলা শেষে সাড়ে নয় পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রেখেছেন নিজেকে।

অন্যদিকে একসেস গ্রুপের উতেন রাখাইনের কাছে হেরেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন। আর গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব হেরেছেন নিজের দলের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদের কাছে।

গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন ও ঢাকা মোহামেডানের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে আট পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। এ রাউন্ডে নিয়াজ সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়াকে হারিয়েছেন।

ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাসুম হোসেন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে হারিয়েছেন। তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যার্টার্জী একসেস গ্রুপের ফিদে মাস্টার রেজাউল হকের সঙ্গে ড্র করেন। লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও ঢাকা মোহামেডানের ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদের ম্যাচটিও ড্র হয়েছে।