এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের মধ্যে পোপ ফ্রান্সিস, এডওয়ার্ড স্নোডেন, মালালা ইউসুফজাই, কঙ্গোর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডেনিস মুকওয়েজ এবং রাশিয়ার নোভায়া গাজিয়েতা পত্রিকার নাম রয়েছে। ব্লুমবার্গ সাময়িকী গতকাল শুক্রবার এ খবর প্রকাশ করেছে। এই পুরস্কারের জন্য এবার মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা ২৭৮। নরওয়ের নোবেল কমিটি কোনো তালিকা প্রকাশ না করলেও স্পনসরদের মাধ্যমে কয়েকটি নাম ফাঁস হয়ে গেছে। নরওয়ের নোবেল কমিটি রাজধানী অসলোয় ১০ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করবে।
