কিংবদন্তী তেলমো জারার সমকক্ষ হতে তারকা স্ট্রাইকার লিওনেল মেসির দরকার আর মাত্র তিন গোল। আর তা করতে পারলেই লা লিগায় সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়টির রেকর্ডে ভাগ বসাবেন।
জারা অ্যাথলেটিক বিলবাওয়ের ক্লাবের হয়ে ১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত খেলে ২৫১ গোল করে লা লিগায় এ রেকর্ডটি গড়েছিলেন। এতে ভাগ বসানোর জন্য খুবই কাছাকাছি আছেন বার্সেলোনা সুপারস্টার মেসি। ভাগ্য সুপ্রসন্ন থাকলে রায়ো ভায়োকানোর বিরুদ্ধে আজই জারার দীর্ঘ পুরনো রেকর্ডটি স্পর্শ করতে পারেন এই আর্জেন্টাইন।
মেসি অবশ্য জানিয়েছেন রেকর্ড নিয়ে তেমন কোনো দুর্ভাবনা নেই তার। বৃহস্পতিবার বার্সেলোনায় একটি প্রচারমূলক অনুষ্ঠানে এ ব্যাপারে তারকা স্ট্রাইকারটি বলেন, ‘এই মুহূর্তে আমি রেকর্ড নিয়ে চিন্তা করছি না। তবে পৃথিবীর সেরা লিগটিতে সর্বোচ্চ পরিমাণ গোলের রেকর্ড গড়তে পারা অবশ্যই সুন্দর কিছু। রেকর্ডের সময়েই রেকর্ড হবে।’ চারবার বিশ্বসেরা খেলোয়াড় নির্বাচিত চলতি লা লিগা মৌসুমে শীর্ষস্থানের দল বার্সার হয়ে পাঁচ গোল করেছেন। এরমধ্যে গত সপ্তাহে গ্রানাডার বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। এতে লা লিগায় মেসির গোল দাঁড়িয়েছে ২৪৮টি। ফলে রায়ো ভায়োকানোর বিপক্ষে জ্বলে উঠতে পারলে লা লিগার গোল রেকর্ডের তালিকায় মেসির নামটি অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে আজই। স্প্যানিশ কিংবদন্তী জারা ২০০৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান। তার ক্যারিয়ারের ব্যাপ্তি ছিল ১৯৪০ থেকে ১৯৫০ দশক পর্যন্ত। পক্ষান্তরে মাত্র ১৭ বছর বয়সে ২০০৪ সালে বার্সার হয়ে অভিষেক হয় মেসির। আসছে জুনে ২৭ বছরে পা রাখবেন তিনি। বার্সার হয়ে মেসি প্রথম গোলটি করেন ১ মে, ২০০৫ সালে, আলবাসেটের বিরুদ্ধে। ১৭ বছর ১০ মাস সাত দিন বয়সে গোলটি করার মধ্য দিয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। যদিও পরবর্তীতে রেকর্ডটি ভেঙ্গে দেন বার্সারই সাবেক খেলোয়াড় বোজান ক্রিক।—এএফপি
ফুটবলার ম্যাচ গোল গোল গড়
তেলমো জারা ২৭৮ ২৫১ ০.৯১
লিওনেল মেসি ২৮৩ ২৪৮ ০.৮৮
হুগো সানচেজ ৩৪৭ ২৩৪ ০.৬৭
রাউল গনজালেস ৫৫০ ২২৮ ০.৪২
আলফ্রেডো ডি স্টেফানো ৩২৯ ২২৭ ০.৬৯
সিজার রদ্রিগেজ ৩৫৩ ২২৩ ০.৬৩
কুইনি ৪৪৮ ২১৯ ০.৪৯
পাহিনো ২৭৯ ২১০ ০.৭৬
এডমুন্ডো সুয়ারেজ ২৩১ ১৯৫ ০.৮৪
ক্রিশ্চিয়ানো রোনালদো ১৭০ ১৮৭ ১.১
*তথ্যসূত্র এএফপি
