অপ্রতিরোধ্য রোনাল্ডো, রিয়ালের বড় জয়

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ১১:২৭
 
 
হ্যাটট্রিক যেন ছেলে খেলা। চাইলেই করা যায়। এ মৌসুমে বিষয়টিকে এমন পর্যায়েই নিয়ে গেছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার গোলক্ষুধা মিটছেই না। শেষ চার ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিক করলেন রোনালদো।
 
IMG0
 
রবিবার রাতে স্পেনের শীর্ষ লিগে তার হ্যাটট্রিকে আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্য দুটি গোল করেন করিম বেনজেমা।
 
IMG1
 
ম্যাচের তৃতীয় মিনিটে সান্তিয়াগো বের্নাবেউয়ে দলকে এগিয়ে নেন রোনাল্ডো। উইঙ্গার গ্যারেথ বেলের ক্রস থেকে অতিথিদের জালে বল জড়ান রোনালদো। ৪১তম মিনিটে পাওয়া কর্নার থেকে চমত্কার হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা।
 
IMG2
 
দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। তার এই গোলেরও স্থপতি বেল। তার কাছ থেকে বল পেয়েই আথলেতিক বিলবাওয়ের গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগালের অধিনায়ক। ৬৯তম মিনিটে বেনজেমাও নিজের দ্বিতীয় গোলটি করেন। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো রোনালদোকে অন্তত তিনবার হতাশ করেন আথলেতিক বিলবাওয়ের গোলরক্ষক। তবে শেষ রক্ষা করতে পারেননি তিনি। ম্যাচের শেষের দিকে মৌসুমে নিজের তৃতীয় হ্যাটট্রিকটি পেয়ে যান রোনালদো।
 
IMG3
 
এই জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে বার্সেলোনা।