মাইকেল ফেলপস ছয় মাস নিষিদ্ধ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ১৪:১৪
 
 
তারকা সাঁতারু মাইকেল ফেলপসকে  আগামী ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের সাঁতার কর্তৃপক্ষ। মদ্যপ অবস্থায় মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে গ্রেফতার হওয়ার পর তাকে এই শাস্তি দেয়া হলো। এ সময় কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না তিনি। খবর রয়টার্সের।
গত মঙ্গলবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে ম্যারিল্যান্ডের বাল্টিমোরে বেপরোয়া গতিতে গাড়ি চালান ফেলপস। ১৮টি অলিম্পিক সোনা জয়ী এই সাঁতারুর গাড়ির গতি ছিল ঘণ্টায় ৮৪ মাইল। অথচ তিনি গাড়ি চালাচ্ছিলেন ঘণ্টায় ৪৫ মাইল গতিসীমার লেনে।
অলিম্পিকে সবচেয়ে বেশি পদক জেতা ফেলপস পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে পুরো বিষয়টির জন্য সবার কাছে ক্ষমা চান।
আড়াই বছর পর অবসর কাটিয়ে আবার পুলে ফেরা ফেলপস আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না। ২০১৫ সালে রাশিয়ার কাজানে হবে এই প্রতিযোগিতাটি।
ইউএসএ সুইমিং জানায়, আগামী বছরের ৬ এপ্রিল শেষ হবে ফেলপসের নিষেধাজ্ঞা। তবে অগাস্টের চ্যাম্পিয়নশিপের জন্য যুক্তরাষ্ট্র দলে নেয়া হবে না তাকে।

২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত অলিম্পিকে ২২টি পদক জেতেন ফেলপস, যার ১৮টিই সোনার।