সিদ্ধিরগঞ্জে মার্কেটে আগুন, সব দোকান ভস্মীভূত

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১২:৫৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি মার্কেটে আগুন লেগে মার্কেটটির সব দোকান পুড়ে গেছে। হাজীগঞ্জ ও ডেমরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আমিরুল ইসলাম জানান, ঈদের পরদিন মঙ্গলবার রাত ৯টার দিকে শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজের সামনে ওই মার্কেটে আগুন লাগে। একটি আসবাবের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা।

সিদ্ধিরগঞ্জ ডিএনডি পাম্প হাউজের সামনে ইরিগেশন খাল দখল করে গড়ে তোলা ওই মার্কেটে আসবাব ও কাপড়সহ বিভিন্ন পণ্যের ২৫টি দোকান ছিল বলে এলাকাবাসী জানায়। ঈদের ছুটির কারণে বেশিরভাগ দোকান বন্ধ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।