লা লিগা থেকে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। লা লিগার প্রধান হাভিয়ের তেবাস জানান, যদি কাতালুনিয়া স্বাধীন হয়ে যায় তবে আইন অনুযায়ী বার্সেলোনা আর লা লিগায় খেলতে পারবে না। কারণ আইনে বলা আছে, স্পেনের এলাকার বাইরে কেবল অ্যান্ডোরাই কেবল স্পেনের ফুটবল লিগে অংশ নিতে পারবে। আগামী ৯ নভেম্বর স্বাধীনতার প্রশ্নে গণভোট হতে পারে কাতালুনিয়াতে, যার রাজধানী বার্সেলোনা স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর।
বার্সেলোনায় এক ক্রীড়া সম্মেলনে তেবাস বলেন, যদি কাতালুনিয়া স্বাধীন হয়ে যায়, তখন স্পেনের ক্রীড়া আইন বিবেচনায় আনলে বার্সেলোনা আর লা লিগায় খেলতে পারবে না।
তিনি বলেন, আমি বার্সেলোনা ছাড়া লা লিগা কল্পনাও করতে পারছি না। একই ভাবে স্পেন ছাড়া কাতালুনিয়াও কল্পনা করতে পারছি না।
বার্সেলোনার ফুটবলার জাভি ও জেরার্ড পিকে স্বাধীনতাকামীদের পক্ষে সমর্থন দিয়েছেন। গত মাসে স্বাধীনতার পক্ষে গণভোটের দাবিতে হওয়া সভায় তারা যোগ দেন। পুলিশের তথ্য অনুযায়ী, এতে প্রায় ১৮ লাখ মানুষ এসেছিল। স্বাধীনতার জন্য গণভোট হবে কিনা তা নিয়ে কাতালুনিয়া সরকার সিদ্ধান্ত নেবে ১৫ অক্টোবর।
