আফগান সীমান্তবর্তী পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে একটি উপজাতি এলাকায় মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছে। এনিয়ে মার্কিন ড্রোন হামলায় এ সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়াল। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা একথা জানান।
উত্তর ওয়াজিরিস্তানের লামান গ্রামে এ ড্রোন হামলা চালানো হয়। গত জুন মাস থেকে পাকিস্তানি সামরিক বাহিনী সেখানে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, একটি গাড়ি লক্ষ্য করে চালানো মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে চার জঙ্গি নিহত ও একজন আহত হয়েছেন।
ওই কর্মকর্তা জানান, মধ্যরাতের আগে এ হামলা চালানো হয়। তিনি আরো জানান যে, নিহতদের মধ্যে বিদেশি নাগরিক রয়েছে।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা এ হতাহতের খবর নিশ্চিত করেছেন।
