ডেরিভেটিভ নীতিমালা সংস্কারে সম্মত বিশ্বের শীর্ষ ব্যাংকগুলো

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৮:২৪
 
ডেরিভেটিভ নীতিমালা পরিবর্তনে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো। ক্রেডিট সুইসসহ গোল্ডম্যান স্যাকসের মতো ১৮টি শীর্ষস্থানীয় ব্যাংক সংকটাপন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডেরিভেটিভ চুক্তি বাতিল করার অধিকার ছেড়ে দিতে সম্মত হয়েছে। খবর ফিন্যান্সিয়াল টাইমস।
প্রসঙ্গত, ডেরিভেটিভ এক ধরনের সিকিউরিটি যার মূল্য এক বা একাধিক সম্পদের ওপর নির্ভর করে। এটি সাধারণত দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি যা শেয়ার, মুদ্রা, বন্ড বা পণ্যের নির্দিষ্ট কোনো সম্পদের মূল্যের উত্থান-পতনের ওপর নির্ভর করে।
জানা গেছে, ইন্টারন্যাশনাল সোয়াপস অ্যান্ড ডেরিভেটিভস অ্যাসোসিয়েশনের (আইএসডিএ) নেতৃত্বে কয়েক মাস ধরে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও সম্পদ ব্যবস্থাপকদের মধ্যে ডেরিভেটিভ নীতিমালার সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। সংকটের সময় ডেরিভেটিভ চুক্তিগুলো যাতে বিলুপ্ত করা যায়, এ নিয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করতে ব্যাংকগুলোর ওপর চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা। এদিকে খুব শিগগির এ নীতি পরিবর্তন নিয়ে আইএসডিএ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবে। যা ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বর্তমানে ৭০০ ট্রিলিয়ন ডলারের বাজার তদারক করে আইএসডিএ।