রিজার্ভ ফের ২২ বিলিয়ন ডলারে

আপডেট : ০৯ অক্টোবর ২০১৪, ১৯:২৭
 
আকু পেমেন্টের কারণে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা কমে গেলেও আবারো তা ২২ বিলিয়ন (দুই হাজার ২০০ কোটি) ডলার ছাড়িয়েছে। বুধবার দিন শেষে ২২ বিলিয়ন ছাড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানায়। মূলত রপ্তানি আয়ে ইতিবাচক ধারার পাশাপাশি ঈদ ও পূজাকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
জানা গেছে, বুধবার দিন শেষে রিজার্ভ ছিল দুই হাজার ২০২ কোটি ডলার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের রিজার্ভ স্থিতি ৩০০ বিলিয়ন ডলারের কিছু বেশি। পাকিসস্তানের ১০ বিলিয়ন ডলার।
গত ৭ অগাস্ট বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ইতিহাসে প্রথমবারের মতো ২২ বিলিয়ন ডলার ছাড়ায়। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) কাছে আমদানি ব্যয় মেটানোর পর তা কিছুটা কমে এসেছিল। বুধবার আবার তা ২২ বিলিয়ন ডলার ছাড়ায়।