গত কয়েক বছর ধরে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ও পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাদের ঘিরে ফুটবল বিশারদদের তর্ক-বিতর্ক চলছেই। কে সেরা এই প্রশ্নেও যেন সবার ঘুম হারাম। এ বিষয়ে ভিন্ন মত রয়েছে সাবেক তারকা ফুটবলারদেরও। এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক হিসেবেই দেখেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রোনাল্ডো।
মেসির সঙ্গে তুলনাকে তিনি কিভাবে দেখেন? এমন প্রশ্নের উত্তরে রোনাল্ডো বলেন, এটা জীবনের অংশ। আমাদের দুই জনের তুলনাটা স্বাভাবিক। এতে অভ্যস্ত হয়ে গেছি। এসব শুরু হয়েছে আমি যখন ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলাম তখন থেকে। এটা কিভাবে মোকাবেলা করতে হয় তা আমার জানা আছে। তিনি বলেন, ফুটবলের বাইরে মেসির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু ফুটবলে আমাদের প্রতিদ্বন্দ্বিতা ইতিবাচক।
এ পর্যন্ত অর্জনে মেসি এগিয়ে থাকলেও গত মৌসুমে রোনাল্ডোর অর্জন নিশ্চিতভাবেই ছাপিয়ে গেছে মেসিকে। পেয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। রিয়ালের পক্ষে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল রে ও উয়েফা সুপার কাপ। তবে চারবারের বর্ষসেরা ফুটবলার বার্সেলোনার তারকা মেসি পেয়েছেন গোল্ডেন বুট। বিশ্বকাপে দলকে এককভাবে নেতৃত্ব দিয়ে ফাইনালে পৌঁছে দেয়ায় এই পুরস্কারে ভূষিত করা হয় তাকে।
এ বিষয়ে জানতেই চাইলে রোনাল্ডো বলেন, একটি ট্রফিও গোল্ডেন বুটের মতোই। দুটোই দলের পক্ষে ভালো খেলার পুরস্কার। কিন্তু মিথ্যা বলব না। আমিও গোল্ডেন বুট পেতে চাই।
