অবৈধ অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়ার আগে ২২৫১ দিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৮৮৮৭টি বল ডেলিভারি করেছেন পাকিস্তানের অফ স্পিনার সাঈদ আজমল। অ্যাকশন শুধরাতে বাধ্য হওয়া আজমল এখন নতুনভাবে ডেলিভারি করা শুরু করেছেন। আজমল নিজেই স্বীকার করেছেন, কনুই সোজা রেখে নতুন অ্যাকশনে গত তিন সপ্তাহে তিনি অন্তত ৭ হাজার বার বোলিং করেছেন।
লাহোরস্থ ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিজের অ্যাকশন শুধরানোর জন্য সাকলাইন মুশতাকের সঙ্গে কাজ করছেন আজমল। সাইড অ্যাকশনে কিছুটা পরিবর্তন এনে নিজের বাহু আজমল ঠিকই বাঁকান, কিন্তু বল ছোড়েন না। নিজের বাহু সুয়িং করানো এবং কনুই বাঁকানো কমানোর ধারণা থেকেই এটা করছেন তিনি। প্রতিদিন দুই সেশনে এমন অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। সামনে এবং পিছনে দু’টি ক্যামেরায় তার বোলিং গতিসহ সব কিছুই রেকর্ড করা হচ্ছে।
স্বাধীন বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট এবং শুধরানোর আরো কাজ করতে ইংল্যান্ড যাওয়ার আগে আরো তিন সপ্তাহ সাকলাইনের সঙ্গে ন্যাশনাল একাডেমিতে কাজ চালিয়ে যেতে পারেন আজমল। এখানকার ফলের উপড় ভিত্তি করেই পুনরায় পরীক্ষার জন্য আইসিসির কাছে আবেদন করতে পারেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে আইসিসি তাকে নিষিদ্ধ করেনি তথাপি নিজের অ্যাকশন পরিবর্তনের কাজে মনোযোগি হওয়ার জন্য মৌসুমের শুরুর দিকে তিনি অংশ নিচ্ছেন না।
