নিষিদ্ধ হওয়ার হুমকি পেয়েছেন কিংবদন্তি ফুটবলার ফ্রান্সের জিনেদিন জিদান। বর্তমানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের রিজার্ভ দলের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু কোচের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সনদের বৈধতা না থাকায় তাকে নিষিদ্ধ করার হুমকি দেয়া হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে।
১০ বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটির এক মুখপাত্র জানান, ‘সম্ভাব্য নিষিদ্ধের বিস্তারিত উল্লেখ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে আমরা নোটিশ পেয়েছি। আত্মপক্ষ সমর্থনের বিস্তারিত উপস্থাপনের জন্য আমাদের ১০ দিনের সময় দেয়া হয়েছে, যা রিয়াল করবে।’
লেভেল টু কোচিংয়ের জন্য উয়েফার এ ক্যাটাগরির লাইসেন্স রয়েছে জিদানের। কিন্তু স্প্যানিশ তৃতীয় বিভাগে ক্লাবের রিজার্ভ দলের কোচিং করানোর জন্য জিদানের দরকার লেভেল থ্রি’র লাইসেন্স।
স্প্যানিশ দৈনিক এএস এবং মার্সায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ি এ অপরাধের কারণে তিন মাস নিষিদ্ধ হতে পারেন জিদান।
লেভেল থ্রি’র লাইসেন্স পাওয়ার জন্য ফ্রেন্স ফুটবল ফেডারেশেনের সঙ্গে প্রয়োজনীয় অনুশীলনের কোটা এখনো পূর্ণ করেননি বিশ্বের সাবেক বর্ষ সেরা খেলোয়াড় ৪২ বছর বয়সী জিদান।
জিদানকে দিয়ে রিজার্ভ দলের কোচিং করানোয় রিয়ালের বিরুদ্ধে স্প্যানিশ ফেডারেশনের কাছে অভিযোগ করেছে ‘কেনাফে’ নামে স্পেনের একটি কোচিং স্কুল। নিয়ম উপেক্ষা করে টিম শিটে রিয়াল সহকারি কোচ সান্তিয়াগো সানচেজের নাম ব্যবহার করছে বলে অভিযোগ করেছে কেনাফে।
ঘটনাটি স্পেনের জাতীয় দলেও দারুণ আলোড়ন সৃস্টি করেছে। জাতীয় দলের কোচ ভিসেন্তে দেল বস্ক কোপ রেডিওকে বলেন, ‘প্রত্যেকেরই যথাযথ কোচিং লাইসেন্স থাকা দরকার।’ রায়ো ভায়েকানো কোচ পাসো জেমেজ কঠিন ভাষা ব্যবহার করে রিয়ালের কাজকে ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেছেন।
পক্ষান্তরে আনচেলত্তি এবং বার্সেলোনা লিজেন্ড ও সাবেক কোচ জোহান ক্রইফ উভয়েই জিদানের সমর্থনে কথা বলেছেন।
