সামির দাপটে সমতায় ফিরল ভারত

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ১৭:৪৩



ভারতের দেয়া ২৬৪ রানের টার্গেটকে অনেকটাই ছোট করে ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রথম সারির ব্যাটসম্যানরা। কিন্তু সামির ঝড়ে গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হন মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ২১৫ রানে অলআউট হয় সফররত ক্যারিবিয়ানরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে সমতায় ফিরল স্বাগতিক ভারত।

 

IMG0


শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ৪৮ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত। দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬৩ রান করে ভারত। দলীয় ৭৪ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে ধোনির দল। তবে চতুর্থ উইকেটে বিরাট কোহলি ও সুরেশ রায়নার শতরানের জুটিতে সুবিধাজনক অবস্থানে পৌঁছায় স্বাগতিকরা। দুজনেই সংগ্রহ করেন ৬২ রান করে। কোহলি-রায়নার বিদায়ের পর দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন মহেন্দ্র সিং ধোনি। ৫১ রানে অপরাজিত থাকা ভারতের অধিনায়কের ৪০ বলের ইনিংসটি ৫টি চার ও ১টি ছক্কায় সাজানো। ওয়েস্ট ইন্ডিজের জেরোম টেইলর ৫৪ রানে ৩ উইকেট নেন।

 

IMG1

IMG2


জবাবে ৪৬ ওভার ৩ বলে ২১৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্র্যাভোর সঙ্গে ৬৪ ও কাইরন পোলার্ডের সঙ্গে ৭২ রানের দুটি চমৎকার জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্যের দিকেই নিচ্ছিলেন ডোয়াইন স্মিথ। স্মিথের দৃঢ়তায় এক সময়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ১৭০/২। কিন্তু ৯৭ রান করে তার বিদায়ের পরই খেলার চিত্র পাল্টে যায়। মাত্র ৪৫ রানে শেষ ৮ উইকেট হারায় অতিথিরা। ৩৬ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ম্যাচসেরা মোহাম্মদ সামি।