সাংহাই মাস্টার্সের শিরোপা জিতলেন ফেদেরার

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ১৯:১৯
 

সাংহাই মাষ্টার্সের শিরোপা জিতলেন তৃতীয় বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার। তুমুল প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ফেদেরার ৭-৬ (৮/৬) ও ৭-৬ (৭/২) গেমে হারিয়েছেন ফ্রান্সের অবাছাই জাইলস সিমোনকে। ফলে ২৩তম বারের মত এটিপি মাস্টার্সের শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন তিনি।
চীনে আগে কখনও শিরোপা জিতেননি সাবেক নাম্বার ওয়ান ফেদেরার। তাই এবারের চীন সফরটি ফেদেরার জন্য ছিলো শিরোপার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশন। আর সেই মিশনে শতভাগ সফল ফেদেরার। ঘুচিয়েছেন শিরোপার বন্ধ্যাত্ব।
পুরো টুর্নামেন্টেই দাপটের সাথে খেলেছেন ফেদেরার। দাপটে ভাবটা বেশি প্রদর্শন করেছেন সেমিফাইনালে। বর্তমান নাম্বার ওয়ান ও শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেন তিনি। ফাইনালেও সিমোনকে সরাসরি সেটে হারিয়েছেন ফেদেরার। কিন্তু বেশ ঘাম ঝড়াতে হয়েছে তাকে। সাথে সিমোনকেও। তারপরও ফাইনালে হার এড়াতে পারেননি সিমোন।
১ ঘন্টা ৫৩ মিনিট স্থায়ী ফাইনাল ম্যাচটি জিতে ফেদেরার বলেন, ‘এই প্রথমবারের মত চীনে কোন শিরোপা জিতলাম। তাই এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। সিমোন খুবই ভালো টেনিস খেলেছে। তবে আমি হাল ছাড়িনি। তাই সাফল্য ধরা দিয়েছে আমাকে।’
আর ফাইনাল হেরে হতাশ সিমোন বলেন, ‘ফেদেরার সাথে এতক্ষণ লড়াই করতে পারবো ভাবিনি আমি। নিজের পারফরমেন্সে খুশী। তবে শিরোপার এত কাছে গিয়ে তা অর্জন করতে না পারাটা অনেক বেশি হতাশার।’

সূত্র- বাসস।