‘বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার: এশিয়া প্রেক্ষিত’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)। আগামী ২৫ ও ২৬ অক্টোবর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও সোনারগাঁ হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার প্রায় পাঁচশ’ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। দেশ বিদেশের অর্থনীতি বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মন্ত্রীবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া আইসিসি’র সেক্রেটারি জেনারেল জন দানিলোভিচ ও আঙ্কটাটের সেক্রেটারি জেনারেল ড. মুখিশা কিটুই সেমিনারে বক্তব্য রাখবেন।
বাংলাদেশে আইসিসির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে সেমিনারটি সার্বিক আয়োজন করবে আইসিসি বাংলাদেশ। গতকাল সোমবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান আইসিসি বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, সাবেক সভাপতি আসিফ ইব্রাহীমসহ আরও অনেকে।
মাহবুবুর রহমান বলেন, বিশ্ব অর্থনীতি মন্দায় নিমজ্জিত হওয়ার পর তা পুনরুদ্ধারে এশিয়ার দেশগুলোর ভূমিকা অনেক বেশি। বিশেষ করে চীন, জাপান ও ভারত বড় ধরনের অবদান রেখেছে। সামনেও এশিয়ার দেশগুলোকে বড় অবদান রাখতে হবে। তিনি বলেন, অনুষ্ঠিতব্য সেমিনারে বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার ও সমসাময়িক বাস্তবতা, এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ঝুঁকি, বালি প্রতিশ্রুতির পরিস্থিতি এবং এশিয়ার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে পৃথক পৃথক সেশনে আলোচনা অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন দেশের অর্থনৈতিক বিবেশষজ্ঞ, ব্যবসায়ী এবং শিল্প ও অর্থ সংক্রান্ত সরকারি নীতিনির্ধারকরা আলোচনা করবেন। সেমিনারের সহযোগী আয়োজক হিসেবে রয়েছে ডিসিসিআই, মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স, ফরেন ইনভেস্টরস চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন, আইসিএবি এবং নরডিক চেম্বার। প্রিমিয়াম পার্টনার হিসেবে থাকবে ইসলামী ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড।
