পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ার সনদ ও এ উপলক্ষে সংবর্ধনা দিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও)। ব্রাজিলের রিও-ডি-জেনেইরো শহরে সংস্থাটির বাত্সরিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ সনদ দেয়া হয়। বিএসইসির পক্ষ থেকে সনদটি গ্রহণ করেন কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. খায়রুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনার আরিফ খান, আইওএসসিও’র চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি জানিয়েছে, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ার জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে প্রয়োজনীয় বিধিবিধান, আইন সংশোধন ও সংযোজন করায় বিএসইসিকে আইওএসসিও’র পক্ষ থেকে ধন্যবাদ দেয়া হয়।
এদিকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ার ফলে বিশ্বের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোসহ আইওএসসিও’র সদস্য দেশসগুলোর বাংলাদেশের পুঁজিবাজারের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করছে বিএসইসি।
প্রসঙ্গত, গত বছরের ২০ ডিসেম্বর বিএসইসি আইওএসসিও এর ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়। বিভিন্ন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইওএসসিওর সদস্য হিসেবে বিএসইসি ১৯৯৫ সালে যোগদান করে।
