নেইমারের চার গোলে জাপানকে হারাল ব্রাজিল

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ২১:৫২

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারের চার গোলের সুবাদে এশিয়ার চ্যাম্পিয়ন জাপানকে উড়িয়ে দিল ব্রাজিল। এই জয়ের ফলে নতুন কোচ দুঙ্গার অধীনে ব্রাজিলের জয়ের ধারা অব্যাহত থাকল। গত ম্যাচে তারা আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল।

 

IMG0

IMG1


মঙ্গলবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত খেলায় শুরুটা ভালোই করেছিল নীল সামুরাইরা। প্রথমার্ধে গোল পেতে বেশ বেগ পোহাতে হয়েছে নেইমারের ব্রাজিলকে। তবে গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। খেলার ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। দিয়েগো তারদেলি মাঝ মাঠের কিছুট সামনে থেকে লম্বা পাস দিয়েছিলেন নেইমারকে। ভালোভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে খানিকটা দৌড়ে গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন বার্সেলোনা তারকা। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
 

IMG2


দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। জাপানি গোলরক্ষককে ফাঁকায় পেয়ে যান তিনি। ৫৯তম মিনিটে হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন নেইমার। তবে ৭৭তম মিনিটে ঠিকই হ্যাটট্রিক তুলে নেন নেইমার। ডি বক্সের মধ্যে থেকে নেয়া কাকার হেড গোলপোস্টে লেগে ফিরে আসে। বল পেয়ে যান কতিনিয়ো। তার জোরালো শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। কিন্তু ফিরতি বল পেয়ে যান নেইমার। ওখান থেকে বিনা বাধায় বল জালে পাঠাতে কোনো সমস্যা হয়নি তার। হ্যটট্রিক পূরণের চার মিনিট পরেই দলের এবং নিজের চতুর্থ গোলটি পেয়ে যান নেইমার।