কেমন আছো বন্ধুরা....................

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ২২:০৬

 



নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিশু কিশোরদের মাতালেন ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে চড়ে উপজেলার তারাবো নোয়াপাড়া এলাকার বালুর মাঠে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ এর আয়োজনে স্যানিটেশন ও সামাজিক কার্যক্রমে অংশ নিতে আসেন ইউনিসেফের বিশেষ দূত টেন্ডুলকার। তার আগমন উপলক্ষ্যে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। প্রায় ২৫ মিনিট সেখানে অবস্থান করেন টেন্ডুলকার।
হেলিকেপ্টার থেকে নেমেই বিশ্বরোড বালুর মাঠে একটি আম গাছের চারা রোপন করেন টেন্ডুলকার। পরে নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে বাংলা ভাষায় নিজের বক্তৃতা শুরু করেন টেন্ডুলকার, ‘কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি। আমি এসেছি তোমাদেরকে স্যানিটেশন ও গাছ লাগানো সম্পর্কে কিছু শেখাতে।' কিংবদন্তি খেলোয়াড়ের মুখে বাংলা কথা শুনে শত-শত শিশু কিশোর ও এলাকাবাসী উল্লসিত হয়ে ওঠেন। করতালির মাধ্যমে স্বাগতও জানানো হয় এই লিটল মাষ্টারকে।
পরবর্তীতে ইংলিশে বক্তব্য দেন কমলা রঙ্গের টি-শার্ট আর জিন্সের সাথে চোখে রোদ-চশমা পরা টেন্ডুলকার। তিনি বলেন, ‘আমি এখানে আসতে পেরে আনন্দিত। নোয়াপাড়ার ছাত্র-ছাত্রীদের অভ্যর্থনা আমাকে মুগ্ধ করেছে।’
বাংলাদেশের সকল শিশু-কিশোরদের খাবার খাওয়ার আগে-পরে ও টয়লেট থেকে ফেরার পরে সাবান দিয়ে দু’হাত ধোয়ার আহ্বান জানিয়ে টেন্ডুলকার বলেন, ‘সঠিকভাবে হাত ধোয়া হলে অনেক রোগ থেকে বেঁচে যাবো আমরা।’
বক্তব্য শেষে আইএফআইসি ব্যাংকের দেয়া পাঁচ লাখ টাকার একটি চেক নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানার হাতে তুলে দেন টেন্ডুকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র শফিকুল ইসলাম চৌধুরী।
মূলত বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের দল ‘গাজী ট্যাঙ্কে’র নাম বদলিয়ে নতুন নামকরণ হওয়া ক্লাব ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ এর নতুন লোগো উন্মোচন করতে ঢাকায় এসেছেন টেন্ডুলকার। দলটির চেয়ারম্যান লুৎফর রহমান বাদলের ব্যক্তিগত আমন্ত্রণেই বাংলাদেশে আসেন টেন্ডুলকার। বিকেলে ঢাকার একটি হোটেলে ‘লিজেন্ড অব রূপগঞ্জ’ লেগোর উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন ক্রিকেটের এই লিজেন্ড। লোগো উন্মোচন শেষে রাতেই নিজ শহর মুম্বাইয়ে ফিরে যাওয়ার কথা টেন্ডুলকারের। খবর বাসসের।