বিশ্বকাপে ধোনিকেই অধিনায়ক রাখার পক্ষে গাঙ্গুলি

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ২০:০৮

 



মহেন্দ্র সিং ধোনির অধীনে ভারতীয় দলের বিশ্বকাপ শিরোপা অক্ষুন্ন রাখার যথেষ্ট সম্ভাবনা আছে বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ধোনির নেতৃত্বে বিদেশে ভারতীয় দলের রেকর্ড খুব আহামরি কিছু নয়। তবে গাঙ্গুলি মনে করছেন ধোনির পরবর্তী হিসেবে কাউকে বিবেচনা করার সঠিক সময় এটা নয়। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘বিশ্বকাপ পর্যন্ত নয়। ভারত কেমন করে তারপর আমরা দেখব।’

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আগামী বছরের বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। কিন্তু অনেকেই মনে করছেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে খেলোয়াড়দের পরীক্ষা মিলবে। তবে ভারতীয় ওয়ানডে দলের সক্ষমতা সম্পর্কে বিশ্বাস আছে গাঙ্গুলির। তিনি বলেন, ‘ভারতের বিশ্বকাপ শিরোপা অক্ষুন্ন রাখার যথেষ্ট সম্ভাবনা আছে। যেখানেই খেলুক তারা খুবই ভাল একটি ওয়ানডে দল। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড যেখানেই খেলুক তারা সেরা ওয়ানডে দল। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ একটা বিষয়। কিন্তু ওয়ানডে দলের পারফরমেন্স নিয়ে সত্যিই আমি শংকিত নই এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তারা ভাল করবে বলে আমি মনে করি।’

নভেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির শুরুর দিক পর্যন্ত দুই মাসেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া সফরে স্বাগতিক দলের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। তাই ২০১৫ ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত বিশ্বকাপ শিরোপা অক্ষুন্ন রাখতে ভারত বেশ ভাল অবস্থায় থাকবে।
টেস্টের পর স্বাগতিক অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই দীর্ঘ সফর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ভারতীয় দলের জন্য সহায়ক হবে। কিন্তু দেড় মাস ব্যাপি বিশ্বকাপের আগে এই দীর্ঘ সফর দল ক্লান্ত হয়ে পড়বে কিনা?

৪২ বছর বয়সী সাবেক এ অধিনায়ক বলেন, ‘খেলোয়াড়রা পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে। কিন্তু তাদের মধ্যে ক্লান্তি আসবে বলে আমি মনে করিনা। তাদের মধ্যে ক্লান্তি আসবে কিনা এ সকল বিষয়ে তাদের চিন্তা করা উচিত নয়। ত্রিদেশীয় সিরিজের পর দুই সপ্তাহের বিশ্রাম পাবে দল। তার ভারতে ফিরে আসবে এবং তার বিশ্বকাপের জন্য রওনা হবে। আজকের দিনে দুই সপ্তাহ বিশ্রাম অনেক কিছু।’

সর্ব শেষ ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১২ জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে স্বাগতিকদের কাছে চার ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। এ বছর আবারো চার ম্যাচের সিরিজ খেলবে ভারত এবং গাঙ্গুলি মনে করছেন প্রতিদ্বন্দিতা করার পরীক্ষা মিলবে এখান থেকে।দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের নেতৃত্ব দেয়া বঁ-হাতি এ ব্যাটসম্যান বলেন,‘ এটা খুবই কঠিন একটি সফর হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে হলে সত্যিকার ভাবেই ভারতকে ভাল করতে হবে এবং আমি মনে করি তারা সেটা করবে। কারন আমার মতে বিদেশে ভারতীয় ক্রিকেটের শক্তি ও দুর্বলতা বুঝা যাবে।’
সাম্প্রতিক সময়ে ভাল করতে না পরা বিরাট কোহলির উপড়ও সকলের দৃস্টি থাকবে।
ফিরোজশাহ কোটলায় শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে যদিও হাফ সেঞ্চুরি করেছেন ডান হাতি এ ব্যাটসম্যান। কিন্তু তার আগ্রাসনের ছিটে-ফোঁটাও দেখা যায়নি।
কোহলিকে সমর্থন করে গাঙ্গুলি বলেন, ‘সে শুধুমাত্র একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে,যেখানে সে ফর্মে ফিরতে লড়াই করছে এবং প্রত্যেকের ক্ষেত্রেই এমনটা ঘটে।’
‘টেকনিক্যাল কোন সমস্যা থাকলে সে তা চিহ্নিত করবে, আমি নিশ্চিত। ভিন্ন ভিন্ন খেলোয়াড়ের ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন সময়ে এটা ঘটে থাকে। আমার দৃস্টিতে সে একজন ক্লাস খেলোয়াড়। গত চার বছরে তার রানের দিকে দৃস্টি দিন এবং একজন সাধারন মানের খেলোয়াড় হয়ে আপনি চার বছরে এত বেশি রান করতে পারবেন না।’