প্যানেল মেয়রকে কুপিয়ে জখম করলেন ইউপি সদস্য

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ০০:২১

ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ ইউসুফকে কুপিয়ে মারাক্তক আহত করলেন সাচড়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সদস্য আবুল বাশারসহ দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরে বুধবার রাত ৮ টার দিকে বোরহানউদ্দিন উপজেলা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা প্রক্রিয়াধীন।

প্যানেল মেয়র মোঃ ইউসুফের ছেলে মেহেদী হাসান মিঠুসহ প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা জামে মসজিদে একটি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বের হচ্ছিলেন ইউসুফ। ওই সময় সাচড়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সদস্য আবুল বাশার, তার ভাই আবু জাফরসহ দূর্বৃত্তরা বগি দাসহ ধারালো অস্ত্র নিয়ে  তার ওপর অতর্কিত হামলা চালায়। বগি দা’র কোপে মোঃ ইউসুফের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  নজরুল ইসলাম জানান, রোগীর অবস্থা আশংকাজনক বলে তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম এ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বোরহানউদ্দিন থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।