নিষেধাজ্ঞার সময়সীমা গতকাল বুধবার শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের জেলেরা আবারো ইলিশ শিকারে সাগরে যাত্রা শুরু করছে। কয়েকশ জেলে নৌকা ও ট্রলারে করে সাগরে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে। বঙ্গোপসাগরে ইলিশ মাছের নিরাপদ প্রজননের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার গত ৫ অক্টোবর থেকে ১১ দিনের জন্য ইলিশ ধরা, বিপণন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করেছিলো।
এদিকে চট্টগ্রাম জেলা মত্স্য দপ্তরের বিশেষ টিম নিষেধাজ্ঞা অমান্যকারীদের ধরতে গত মঙ্গলবার নগরীর বিভিন্ন কোল্ড স্টোর, মাছের আড়ত ও মাছ অবতরণ ঘাটে অভিযান পরিচালনা করে। বিশেষ টিম নগরীর সাগরিকা রোডস্থ রূপালী আইচ এন্ড কোল্ড স্টোরে ৪ মেট্রিক টন ইলিশ মজুদ রাখার দায়ে মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ হাছানকে এক বছর করে কারাদণ্ড দেন।
