কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা-কাঠালিয়া গ্রামের বাচ্চু মিয়াকে হত্যার দায়ে একই গ্রামের দুই ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার কিশোরগঞ্জের তৃতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আল মামুন এই রায় প্রদান করেন।
আসামিরা হলেন- হোসেন ও তার ভাই আব্দুল কাদির, গোলাপ মিয়া এবং ফরিদ।
আদালত সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে ২০০৬ সালের ২০ জুলাই প্রতিবেশির হাতে খুন হন বাচ্চু মিয়া। এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তশেষে ১১ জনের বিরুদ্ধে আদলতে চার্জশিট দাখিল করে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর সাত আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। দণ্ডিতরা কারাগারেই আছেন।
