বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ১৭:০৫

 



সাতক্ষীরার গাজীপুর সীমান্তের বিপরীতে ভারতের পাখিডাঙ্গা এলাকায় বিএসএফের গুলিতে আইয়ূব আলী (৩৫) নামের এক বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বৈকারী গ্রামের মৃত ছামছেল সরদারের ছেলে।
বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ারসহ সীমান্তের একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় গাজীপুর সীমান্তের মেইনপিলার ৬ এর কাছাকাছি ভারতের পাখিডাঙ্গা এলাকায় পৌঁছালে বিএসএফ সদস্যরা আইয়ূব আলীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বিএসএফ’র ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পর তার সঙ্গীরা তার মরা দেহটি উদ্ধার করে নিহতের বাড়ি বৈকারী নিয়ে আসেন।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, একজন মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তবে সে কিভাবে বা কারা মেরে ফেলেছে তা এখনও তিনি জানতে পারেননি।