মাওয়ায় ফেরিতে ফেলে যাওয়া প্রাইভেট কার থেকে ১৩শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। অভিনব কায়দায় প্রাইভেট কারটির ভেতরে ঝালাই করা বিশেষ বাক্সে রাখা ৬টি বস্তায় সাজানো ছিল ফেন্সিডিলের বোতলগুলো। বৃহস্পতিবার রাতে মাদকের এই বিশাল চালন আটক হলেও এর সাথে জড়িতদের সন্ধান পাওয়া যায়নি।
লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, ফেরি রামশ্রী কাওয়ড়াকান্দি থেকে রাত ৮টার দিকে মাওয়ায় আসে। কিন্তু সামনে থাকা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ-১১-৯৫৫৬) জন্য পেছনের গাড়ি নামতে পারছিল না। কারের লোকজন না পেয়ে কর্তব্যরত ট্রাফিক লোকজন নিয়ে তাৎক্ষনিক কারটি ঠেলে ফেরি থেকে নামিয়ে আনেন। সন্দেহ হওয়ায় সেটি মাওয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। তল্লাশি করতেই পেছনের সিটের নীচে বিশেষভাবে টিন দিয়ে তৈরী একটি ঝালাই করে আটকানো বাক্স পাওয়া যায়। এটি ভাঙ্গার পর বেরিয়ে আসে ফেন্সিডিলের বোতলগুলি। ধারণা করা হচ্ছে- চোরাকারবারি চক্র ভারতীয় সীমান্ত এলাকা থেকে চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিল। ধরা পড়ার শঙ্কায় এটি ফেলে চলে যায়। এ ব্যপারে লৌহজং থানায় মামলার প্রস্তুতি চলছে।
