মুন্সীগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শাহজালাল গুলিসহ গ্রেপ্তার

আপডেট : ১৭ অক্টোবর ২০১৪, ০০:২০

পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা শাহজালাল মিজিকে (২৬) বৃহস্পতিবার শহরের মানিকপুরস্থ জেনারেল হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চারটি নাইন এমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়। মিজির গ্রেপ্তারের খবরে তার সহযোগীরা দক্ষিণ কোর্টগাঁও সংলগ্ন বাসস্ট্যান্ডে ৭টি বাস ভাঙচুর করে। পুলিশ জানায়, শাহজালালের বিরুদ্ধে থানায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ১১টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহর যুবলীগের কার্যকরী সদস্য শাহজালাল মিজি সর্বশেষ মামলার আসামী হয় সদর আসনের সরকার দলীয় সংসদ সদস্যের ঈদ ও পূজোর শুভেচ্ছা সম্বলিত বেশকিছু ফেস্টুন বিনষ্ট করে। মিজির কাছ থেকে গুলি পাওয়ার ঘটনায় এসআই রাসেল আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

সদর থানার ওসি আবুল খায়ের ফকির রাতে জানান, গুলি পাওয়া গেলেও অস্ত্র পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধারের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সে দক্ষিণ কোর্টগাঁও গ্রামের সেন্টু মিজির পুত্র।