দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর ওপর অভিমান করে শিশুসন্তানসহ এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। গত বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের আসানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা ব্যক্তির নাম ইয়াদুল ইসলাম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, আসানবাড়ি গ্রামের ইয়াদুল ইসলাম জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে বুধবার বিকেলে ইয়াদুলের সঙ্গে তাঁর স্ত্রী মঞ্জুয়ারার ঝগড়া হয়। একপর্যায়ে মঞ্জুয়ারা বাবার বাড়ি চলে যান। পরে ইয়াদুল তাঁকে আনতে গেলে তিনি আসতে অস্বীকৃতি জানান। বাড়ি ফেরার সময় ইয়াদুল বাজার থেকে গ্যাস্ট্রিকের কয়েকটি বড়ি কিনে আনেন। ওই বড়ি পানিতে গুলিয়ে তিনি ছেলে ইউসুফ আলী (৪) ও মেয়ে ইভাকে (৬) খাওয়ান। এরপর নিজেও খান। ছোট ভাই এবং বাবাকে চেতনা হারাতে দেখে ইভা চিৎকার করতে থাকে। একপর্যায়ে প্রতিবেশীরা এসে তাঁদের নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে ইউসুফ ও ইয়াদুল মারা যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইভা সুস্থ হয়ে ওঠে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। অপমৃত্যুর মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। অপমৃত্যুর মামলা হয়েছে।
