গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে প্রবাসী মানিক মিয়ার বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে এক ব্যক্তির পাকা বসতবাড়ি পুড়ে গেছে। আগুনে ওই বাড়িতে থাকা পাঁচ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের প্রবাসী মানিক মিয়ার স্ত্রী সকালে সিলিন্ডার গ্যাসে রান্না করছিলেন। একপর্যায়ে তিনি ঘর থেকে বের হয়ে যান। এ সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত বাড়ির সব কক্ষে গ্যাস ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো ভবনে আগুন ধরে যায়। খবর পেয়ে কসবার কুটি চৌমহনী ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় তারা আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পুরো ভবন পুড়ে ছাই হয়ে যায়।
মানিক মিয়ার চাচাতো ভাই ইয়াকুব মিয়া বলেন, একটি লেনদেন করার জন্য ব্যাংক থেকে পাঁচ লাখ তুলে তা ঘরে রাখা হয়েছিল। আগুনে ওই টাকা এবং স্বর্ণালংকারসহ কমপক্ষে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
