নদীতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০১৪, ২৩:৫৩

শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার কুইয়াছড়ি এলাকায় নদীতে ডুবে আরিফ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আরিফ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের এখলাস মিয়ার ছেলে। তাদের বাড়ি কুইয়াছড়ি নদীর পাড় ঘেঁষে টিলার ওপর।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার দিকে আরিফকে টিলার ওপর দাঁড় করিয়ে রেখে তার মা বাড়ির নলকূপে থালা-বাসন পরিস্কার করছিলেন। কাজ শেষ করে তিনি দেখেন আরিফ নির্দিষ্ট জায়গায় নেই। অনেক খুঁজেও তাকে কোথাও পাওয়া যায় না। পরে তার মৃতদেহ নদীতে ভাসতে দেখা যায়। স্বজনেরা তার লাশটি উদ্ধার করে।
পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আনফর আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মায়ের কাজের ব্যস্ততার ফাঁকে আরিফ নদীতে পড়ে যেতে পারে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি জানেন না।