রাজশাহীতে ভুয়া এনজিও’র নামে টাকা আত্মসাৎ: দুই কর্মী আটক

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ০০:৩৫

রাজশাহী মহানগরীতে গ্রাহকের কয়েক লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া পপুলার মাল্টিন্যাশনাল কোম্পানি নামের ভুয়া এনজিও’র দুই কর্মীকে পুলিশ আটক করেছে। এরা হলেন, নগরীর মতিহার থানার খোঁজাপুরের ইসরাফিলের স্ত্রী রুমানা (২৫) ও মেহেরচন্ডি কড়াইতলার ফজলুর করিম চৌধুরীর মেয়ে ফাউমিদা জেসমিন চৌধুরী মিলি (৩২) ।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অধিক মুনাফার লোভ দেখিয়ে পপুলার মাল্টিন্যাশনাল কোম্পানি নামে ভুয়া এনজিও খুলে এলাকার অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। গত ঈদের কয়েকদিন আগে তারা এনজিও অফিস বন্ধ করে পালিয়ে যায়। ওসি আরো জানান, ওই এনজিও’র মালিক নগরীর হেতেম খাঁর এনতাজ উদ্দিন। আটক দুই নারী গ্রাহকদের কাছ থেকে টাকা উত্তোলনের কাজ করত। এনজিওটি চলে যাওয়ার পর থেকে তারাও চাকরি হারায় ও গ্রাহকদের ভয়ে পালিয়ে যায়। শুক্রবার স্থানীয় লোকজন রুমানা ও মিলিকে নিজ এলাকায় দেখে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদের মতিহার থানায় নিয়ে আসে। ওসি  জানান, দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো এখন দুর্নীতি দমন কমিশন (দুদক) দেখাশোনা করে। তাই  আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদকের হাতে তুলে দেয়া হবে।