বন্ধুর প্রেমের কারণে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের পরিবারের বিরুদ্ধে। পাবনার সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার জালালপুর গ্রাম থেকে ছাত্রটির লাশটি উদ্ধার করা হয়। পরে পাবনা সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়।
নিহত সাইফুল ইসলাম (২৫) চর ভাড়ারা গ্রামের নওশের আলীর ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এ ঘটনায় আহত সজল আহমেদ জনিকে (২৬) পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার এসআই নাজমুল বলেন, সদর উপজেলার জোতগরি গ্রামের একটি মেয়ের সঙ্গে জনির প্রেমের সম্পর্ক ছিল। এ ব্যাপার নিয়ে এলাকায় কয়েকবার তাদের পারিবারিক বৈঠকও হয়। তারা বিয়ে করতে চাইলে পরিবার এতে বাধা দেয়। শুক্রবার রাতে মেয়েটি মোবাইল ফোনে জনিকে ডেকে নিয়ে যায় ।
জনি যাওয়ার সময় সঙ্গে বন্ধু সাইফুলকে নিয়ে যায়। এলাকায় যাওয়ার পর মেয়ের পরিবারের লোকজন তাদের বেদম মারপিট করে। মারাত্মক আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাইফুলের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শনিবার ভোরে সে মারা যায়।
