বোর্ডের সাথে খেলোয়াড়দের পাওনা পরিশোধ নিয়ে সৃষ্ট জটিলতার জের ধরে ভারতের সাথে চলমান সিরিজে না খেলার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। আর সে কারণেই অনেকটা বাধ্য হয়েই সিরিজের মাঝখানে তা বাতিলের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। কিন্তু এজন্য তারা ভারতের কাছে দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে বোর্ডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
বিবৃবিতে আরো জানানো হয়েছে সিরিজে একটি ওয়ানডে, দুটি টি-২০ ও তিনটি টেস্ট ম্যাচ বাকি থাকলেও চলমান জটিলতা নিরসনে বোর্ডের এক জরুরি সভায় সিরিজ বাতিলের ব্যাপারে তারা বাধ্য হয়েই একমত পোষণ করেছে।
এর আগে শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল সফরকারী দল সিরিজ বাতিলের ঘোষণা দিয়েছে এবং ধর্মশালায় চতুর্থ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পরে তারা দেশে ফিরে যাবে। গতকালই ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট তাদের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছিল।
যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বদলি একটি দল অংশগ্রহণের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ভারত তাতে অস্বীকৃতি জানায়। বিসিসিআই জানিয়েছে, সিরিজি পরিপূর্ণ করার জন্য তারা ইতোমধ্যেই শ্রীলংকাকে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। পরবর্তী এক খবরে জানা গেছে, শ্রীলংকা তাদের সেই প্রস্তাবে রাজিও হয়েছে।
গত মাসেই খেলোয়াড়দের বেতন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট শর্তাবলীর ব্যপারে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড এবং প্লেয়ার্স এসোসিয়েশনের সাথে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এই চুক্তিটি দলের সিনিয়র খেলোয়াড়রা বর্জন করে যার মধ্যে ওয়ানডে অধিনায়ক ডুয়াইন ব্র্যাভো ছিলেন। পুরো বিষয়টি বেশ অষ্পষ্ট বলে ব্র্যাভো দাবি জানান। তারপর থেকে খেলোয়াড়রা প্রতিনিয়ত ধর্মঘটে যাওয়ার হুমকি দেয়। কিন্তু তাদেরকে কোনোভাবে মানিয়ে মাঠে আনা হয় এবং ভারতীয় সফরের ব্যাপারে রাজী করানো হয়।
